পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি বিএনপির একটি মিছিলে হামলার ঘটনায় দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। ওই মামলায় এএনএম জাহাঙ্গীর হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ডিবি পুলিশ গ্রেপ্তার হওয়া আসামিকে বাউফল থানায় হস্তান্তর করবে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।