১৫ জুলাই ২০২৬ | ১৬:৪৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৬:৪৪

কক্সবাজারের রামুতে প্রাইভেট কারে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার’ লাগিয়ে পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

আজ বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) ও ঢাকার দারুসসালাম থানা এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।

সোমেন মন্ডল বলেন, বুধবার সকালে কক্সবাজার শহর থেকে ব্যক্তিগত গাড়িতে সংঘবদ্ধ চক্রের কয়েকজন মাদকের চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনের প্রতি নজরদারি শুরু করে। একপর্যায়ে কক্সবাজার দিক থেকে যাওয়া একটি প্রাইভেট কার সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে গাড়িচালক নির্দেশনা অমান্য করে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িটি জব্দ করা হয়। পরে চালকসহ গাড়িতে থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজনের পরিচয় দেয়। এ ব্যাপারে খোঁজ নিলে পরিচয়ের সত্যতা পাওয়া যায়নি। এ সময় গাড়ি তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।