২৭ জুলাই ২০২৬ | ১৭:৩২ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১৮:০৩
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পদযাত্রা ও পথসভাস্থলের পাশ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে সভাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে একটি পরিত্যক্ত সবজির ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
এর আগে একই দিন সকালে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে দলের শীর্ষ তিন নেতার কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটে। পরবর্তীতে সভাস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, সমাবেশস্থলের পাশে একটি পরিত্যক্ত সবজির ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ সেটি থানায় নিয়ে যায়। তিনি দাবি করেন, ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে পানি ভর্তি একটি বালতিতে সংরক্ষণ করেছে। এ ঘটনায় এবং কুশপুত্তলিকা টাঙানোয় কারা সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।