২১ জুলাই ২০২৬ | ০৫:২৮
দেশে হামের প্রকোপ কমার লক্ষণ নেই। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৯টি শিশু।
আরও পড়ুন
তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯২২ শিশু। পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৪৭ জনের। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৯০, চট্টগ্রামে ৩২, ময়মনসিংহে ১১, বরিশালে ৯, রংপুরে ৩ এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছে। একই সময়ে নতুন করে ৮৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক লাখ ১৮ হাজার ৫৭০ জন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জনের। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ এক হাজার ২৬ জন। তাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশে হামের বিস্তার ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে টিকাদান কর্মসূচির আওতা, টিকা না পাওয়ার কারণ এবং ঝুঁকিপূর্ণ শিশুদের বিষয়ে আরও গভীর অনুসন্ধান প্রয়োজন।