২২ জুলাই ২০২৬ | ০৪:১৪
বরিশালে মানবাধিকারকর্মী নাদিমা মোহাম্মদী খানের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন
তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন
মহিলা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, গত ১৮ জুলাই বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার রাতে নাদিমা মোহাম্মদী খান ও তার চাচাতো বোন বরিশালে নিজ বাসভবনে গেলে, সেখানে কয়েকজন যুবককে বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখা এবং মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি দেখতে পান। এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল নাদিমা খানের ওপর হামলা চালায় এবং তাকে হেনস্তা করে। পরে আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মহিলা পরিষদ বলেছে, একজন মানবাধিকারকর্মীর নিজ বাসভবনে বেআইনিভাবে সংঘবদ্ধ হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা শুধু একজন মানবাধিকারকর্মীর ওপর আক্রমণ নয়, এটি নারীর নিরাপত্তা ও মর্যাদার ওপরও গুরুতর আঘাত। একজন নারীর নিজ বাসভবনে স্বাধীন ও নিরাপদভাবে বসবাসের অধিকার আজ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করছে।
সংগঠনটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নারীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।