১৭ জুলাই ২০২৬ | ১৪:৩৪
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে খোলা রেলগেট পার হওয়ার সময় একটি স্কুলভ্যানের সঙ্গে ট্রেনর ধাক্কায় তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
নিপীড়নের বিরুদ্ধে মশাল জ্বেলে গানে গানে প্রতিবাদ শিক্ষার্থীদের
শুক্রবার সকাল ৭টার দিকে জেলার বহরমপুরে কাটোয়া-আজিমগঞ্জ রেলপথের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস আপ লাইন দিয়ে চলে যাওয়ার পরও গোবিন্দপুর রেলগেট বন্ধ করা হয়নি। গেট খোলা দেখে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে একটি স্কুলভ্যান রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে স্কুলভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন স্কুলশিশুর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন শিক্ষার্থী ও ভ্যানচালক।
খবর পেয়ে রেল পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালসহ নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্কুলভ্যানটিতে মোট ১০ জন শিক্ষার্থী ছিল।
দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।