২৩ জুলাই ২০২৬ | ২০:২৩ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ২১:৪৩

খুলনায় নারী ব্যাংক কর্মকর্তাকে ধর্ষণের পর হত্যা এবং বাধা দেওয়ায় তার বাবাকে হত্যার দায়ে ৫ আসামির মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন উচ্চ আদালত। তবে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাসেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন আরও পড়ুন চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন

দণ্ডপ্রাপ্তরা হলেন সাইফুল ইসলাম পিটিল, তার ভাই শরিফুল ইসলাম, মো. লিটন, আজিজুর রহমান পলাশ ও আবু সাঈদ। মামলার সব আসামি কারাগারে রয়েছেন।

২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা মহানগরীর লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকায় ব্যাংক কর্মকর্তা ও তার বাবা খুন হন। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর লবণচরা থানায় হত্যা এবং ২২ সেপ্টেম্বর ধর্ষণ মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের চার বছর পর ২০১৯ সালের ১৬ জুলাই খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. মহিদুজ্জামান দুই মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তী সময়ে ডেথ রেফারেন্স নং ৭৬/২০১৯ ও ৭৭/২০১৯ এবং আসামিদের আপিলের দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর মামলার বাদী সন্তোষ প্রকাশ করে বলেন, '১১ বছর পর আদালতের বারান্দায় ঘুরছি। এবার রায়ের বাস্তবায়ন দেখতে চাই।'

বাদী পক্ষে প্রথম থেকে আইনি সহযোগিতা দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম। তিনি বলেন, এই রায়ে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে। ন্যায়বিচারের এই দীর্ঘ যাত্রায় যাঁরা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।