১৮ জুলাই ২০২৬ | ০৪:২০
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মাদক সরবরাহের সঙ্গে দেশের অনেক রথী-মহারথীদের সংযোগ থাকে। মূলত শর্ষের মধ্যেই ভূত থাকে। তাই মাদকের সরবরাহ লাইন পুরোপুরি নির্মূল করতে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে একক দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
গতকাল শুক্রবার বিকেলে চরমোনাই ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।
চরমোনাই পীর আরও বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে জনশক্তি রপ্তানি ও দেশে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা যেত। কিন্তু অতীতের কোনো সরকারই এ ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি; বরং উদ্বৃত্ত জনশক্তিকে নষ্ট করতে তারা মাদককে প্রশ্রয় দিয়েছে। ফলে আমাদের বিপুল জনসম্পদ নিষ্ক্রিয় হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে একেবারে ধ্বংস হয়ে গেছে। দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক ক্ষতির বিবেচনায় দেশের সবচেয়ে বড় সমস্যা এখন মাদক। তাই জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মাদক প্রতিরোধ করা। এ জন্য মাদকের চাহিদা ও জোগান উভয় দিকই নির্মূল করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহাম্মাদ বেলাল হুসাইন এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।