মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন। ছবি: সমকাল
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২১:১৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ২১:১৬
আরও পড়ুন
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের টিভি, এসি, আলমিরা ও সোফাসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে সদর থানার ওসির কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, তিনি ব্যক্তিগত কাজে অফিস কক্ষ থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পর রুমের ভেতর আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজম আলী জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থানা থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হয়। সংবাদ পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।