ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার সিংগুরা ও দরশা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সিংগুরা গ্রামের মো. বিল্লাল মিয়ার মেয়ে রুজাইনা আক্তার (২) এবং দরশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোহান (৭)।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিংগুরা গ্রামে রুজাইনার মা রোজিনা আক্তার মেয়েকে বাড়ির উঠানে রেখে টিউবওয়েলের কাছে থালা-বাসন ধুতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে রুজাইনাকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দরশা গ্রামের নোহান গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।