ফরিদপুরে এক বিএনপি নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে নৈতিক স্খলনের দায়ে ওই নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
শিল্প, জলবায়ু ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিকে একসূত্রে আনল ‘দ্য তত্ত্বমসি সার্কেল’
বহিষ্কৃত বিএনপির ওই নেতার নাম মো. ওবায়দুর রহমান (৪৮)। তিনি সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকায় আলীয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বহিষ্কারের পর এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর দলীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পরই জরুরি সভা ডেকে ওবায়দুর রহমানকে সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।’