জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির ভাইদেরকে নিয়ে কথা বললেই খেয়ে ফেলবে, মেরে ফেলবে, ধরে ফেলবে। শুধু বলতেই পারে, আর কিছু করতে পারে না। আমাদেরকে ভয় দেখায়। ওদেরকে গোনার টাইম নাই। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’
আজ সোমবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় এনসিপির জুলাই পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
নাসীরুদ্দীন আরও বলেন, ‘একটা কার্ড চালু করে নাম দেব জুলাই গাদ্দার কার্ড। এই কার্ডের কয়েকটা শাখা-প্রশাখা হবে। একটা হবে সন্ত্রাসী কার্ড, এটা দেব যুবদলকে। টেন্ডারবাজ কার্ড, চাঁদাবাজি কার্ড দেব ছাত্রদলকে। আমরা আরেকটা কার্ড করব—ভারতীয় দালাল কার্ড, এটা দেব বিএনপিকে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভেবেছিলাম, যে মানুষগুলো ১৭ বছর নির্যাতিত ছিল, তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশটা ঠিক করব। যে মানুষটা কবরে গিয়েছে, পৃথিবীতে যার অস্তিত্ব নাই, সে মানুষটার নামেও তারা কৃষি কার্ড বিতরণ করছে।’
বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, ‘ছাত্রদল, যুবদল, বিএনপির যেইসব চুনোপুঁটি সন্ত্রাসী আছো, আমরা তোমাদেরকে এখনো দাওয়াত দিচ্ছি, হেদায়াতের পথে আসো, নারীদের পক্ষে দাঁড়াও, হিন্দু ভাইদের পক্ষে দাঁড়াও, ব্যবসায়ী ভাইদের পক্ষে দাঁড়াও, আলেম-ওলামাদের পক্ষে দাঁড়াও, সীমান্ত পাহারা দাও। যদি পারো, তাহলে তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছি।’