১৫ জুলাই ২০২৬ | ১৭:৫৮
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার বাসিন্দা মো. হারুন ও মো. নাসির উদ্দিন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী এসএম কাওসার সাগর জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারা হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৫টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো থেকে এক হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কাভার্ড ভ্যানের চালক নাসির উদ্দিন ও হারুনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে ২৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।