১৬ জুলাই ২০২৬ | ০৮:৫০ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১১:০৫
ডেঙ্গু ঠেকাতে মশারি টানিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা বা লম্বা করে লুঙ্গি পরতে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং সরকার নির্ধারিত হারে পরীক্ষা করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
গতকাল বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলামের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারে সরকারের পরিকল্পনা জানতে চান। হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, পরীক্ষা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক-নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে এক লাখ ছয় হাজার ৬০০ আরডিটি কিট মজুত রয়েছে। আগামী এক মাসে আরও প্রায় পাঁচ লাখ কিট মজুতে যুক্ত হবে। ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগও মজুত রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন পাঠানো হয়েছে।
কাতারের সাবেক আমিরের নামে সড়ক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার উপযুক্ত একটি সড়ক তাঁর নামে নামকরণ করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুসারে মরহুম শেখ হামাদের নামে সড়কের নামকরণের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সিটি করপোরেশনে উপযুক্ত একটি সড়ক নির্ধারণ করে তা শেখ হামাদের নামে করার জন্য মঙ্গলবার মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, কাতার লাখো বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতিতে কাতার আক্রান্ত হওয়ার পরও বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করেছে।