২১ জুলাই ২০২৬ | ২১:৪৩
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ, প্রাধান্যভিত্তিক (প্রায়োরিটি) চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এসব সুবিধা প্রবাসী কার্ডের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আফরোজা খানম। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
আফরোজা খানম বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীসেবার মান বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া তাদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।
সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার বিভিন্ন বিষয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেন।
সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।