পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর আবু বকর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দক্ষিণ রণগোপালদী গ্রামের একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধ আবু বকর ওই গ্রামের মৃত আতাহার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন আবু বকর মৃধা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বাজার ও আত্মীয়স্বজনর বাড়িতে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। আজ সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি ভিটার বীজতলার পাশে আবু বকরের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের জানানো হলে তাঁরা এসে আবু বকরের লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন
চট্টগ্রামের হালিশহরে কারখানায় আগুন
আবু বকর মৃধার ছেলে তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে খবর পেয়ে গিয়ে দেখি বাবার লাশ কাদামাখা অবস্থায় পড়ে আছে। লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে আছি।
রণগোপালদী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি জানার পর থানায় জানিয়েছি। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ লাশ উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।