রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পরই তাঁর পদত্যাগ প্রত্যাশিত ছিল। তবে নানা রাজনৈতিক বাস্তবতায় তিনি এত দিন বঙ্গভবনে বহাল ছিলেন।
আজ শুক্রবার এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, অবশেষে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগকে স্বাগত জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেও বর্তমান সংবিধান অনুযায়ী কার্যত তাঁর ক্ষমতা সীমিত। এতে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য ক্ষুণ্ন হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছিল এবং এর কিছু প্রতিফলন জুলাই জাতীয় সনদেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গাজী আতাউর রহমান বলেন, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে কেবল ব্যক্তি নির্বাচন নয়, সাংবিধানিক কাঠামো ও রাষ্ট্রের প্রয়োজনীয় ভারসাম্যের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি প্রয়োজনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।