২৬ জুলাই ২০২৬ | ২০:০৪
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময় ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকা- ১৬ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই অভিযোগ আমলে নেন।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় আনা প্রাথমিক অভিযোগ বিবেচনায় নিয়ে আমলে নেওয়ার প্রার্থনা করেন। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা ও গ্রেপ্তারদের হাজির করার জন্য আবেদন করেন।
শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের আগামী ২৫ আগস্ট হাজিরের জন্য নির্দেশ দেওয়া হয়।
অপর আসামিরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান ও শরীফ আশরাফুল আলম বাবুল। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন ছয়জন। বাকিরা এখনও পলাতক। নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
৯৮ মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম
‘আমার বিরুদ্ধে ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ড হয়েছে। প্রতিটি মামলার বিচার চলছে, আইসিটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। আদালতে দাঁড়িয়ে এমন কথা বলেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় রোববার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে হাজির করা হলে তিনি এসব কথা বলেন। এ সময় আইনজীবীদের সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য বিশেষ সাক্ষাতের অনুমতি চান পলক।
তিনি আদালতকে বলেন, ‘আমার ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক হেলমেট না পরানোর নির্দেশনা দিয়েছেন। বর্তমানে ১৫ দিনে পরিবারের সঙ্গে মাত্র আধাঘণ্টা সাক্ষাতের সুযোগ পাই। মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য অন্তত দুই সপ্তাহে দুই দিন তিন ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি দেওয়ার আবেদন করছি।’ পরে আদালত শুনানি শেষে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মো. হোসেন নামে এক ট্রাকচালক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রোববার এই তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, এই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে ফোরকান নামে এক আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে চার্জ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। একই সঙ্গে আসামিপক্ষ থেকেও আইনজীবীরা সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ১৩ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন।