চুনারুঘাটের সাতছড়ি উদ্যানের পাশে বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক সমকাল

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:৪৩

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় সড়কধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনার পর থেকে চুনারুঘাট-মাধবপুর সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক বা সহকারী কেউ আহত হননি।

গত বৃহস্পতিবার শেষ রাতে বালুভর্তি ট্রাকটি সাতছড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকা পিচঢালা সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গর্তে উল্টে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন এই সড়কের নিচ দিয়ে পাহাড়ি ছড়ার পানি প্রবাহিত হচ্ছিল। ফলে মাটির নিচে ধীরে ধীরে ফাঁকা অংশ বা সুড়ঙ্গের সৃষ্টি হয়। যথাসময়ে প্রয়োজনীয় সংস্কার না করায় এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটি আরও নরম হয়ে শেষ পর্যন্ত সড়কটি ধসে পড়ে।

সাতছড়ি ত্রিপুরাপল্লির বাসিন্দা চিত্ত রঞ্জন দেব বর্মা জানান, টানা বৃষ্টির পানি গিয়ে সড়কের নিচে সুড়ঙ্গ তৈরি করেছিল। এরপর ভারী বালুভর্তি ট্রাক যাওয়ায় সড়কটি আর চাপ নিতে পারেনি।

সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা। সিএনজি অটোরিকশাচালক মতিন মিয়া ও যাত্রী আজিজুল ইসলাম জানান, চুনারুঘাট থেকে মাধবপুর যাতায়াতের জন্য সাতছড়ির ভেতর দিয়ে বয়ে যাওয়া এই পুরাতন 

ঢাকা-সিলেট মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বন্ধ হওয়ায় এখন বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে মূল ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কটি আপাতত যান চলাচলের জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছে।