১৫ জুলাই ২০২৬ | ১৬:৪৬
শেরপুরের নকলা পৌরসভার বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ে ২১ জন আহত হয়েছেন। বৃদ্ধ, শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ও পথচারী ছাড়াও বেশ কিছু গবাদিপশু (গরু-ছাগল) কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
আরও পড়ুন
তদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযানে যাচ্ছে ঔষধ প্রশাসন
জানা গেছে, সকাল ৮টার দিকে একটি উন্মত্ত কুকুর শহরের গ্রিনরোড, দড়িপাড়া, উত্তর কায়দাসহ আরও কয়েকটি স্থানে যাকেই সামনে পেয়েছে, তার ওপর আক্রমণ শুরু করে। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৮টা থেকে হাসপাতালে একের পর এক কুকুরের কামড়ে আহত রোগী আসতে থাকে। তারা সবাই পাগলা কুকুর কামড়েছে বলে জানায় এবং কামড়গুলো ছিল বেশ গভীর। পরে ২১ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদের মধ্যে দুই রোগীর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ১৭ জনের নাম হাসপাতালের রেজিস্টার খাতায় তুলতে পেরেছি। অনেকেই তাড়াহুড়ো করে ভ্যাকসিন নিয়ে নাম এন্ট্রি না করেই চলে গেছেন।