ফেনীর পরশুরামের একটি বাসা থেকে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা গেটসংলগ্ন সড়কের কাদের টাওয়ারের তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর নাম ফারহানা আক্তার ওরফে প্রিয়া। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। লাশটি উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাসাটিতে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন তালুকদার ও তাঁর স্ত্রী জাহেদা আক্তার থাকেন। জাহেদা আক্তার স্থানীয় কেতরাঙ্গা মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁদের বাসায় প্রায় তিন বছর ধরে গৃহকর্মী হিসেবে রয়েছে ফারহানা। গতকাল সকালে ফারহানাকে বাসায় রেখে বিদ্যালয়ে যান জাহেদা আক্তার। সন্ধ্যায় বিদ্যালয় থেকে ফিরে তিনি কলিং বেল টিপলেও ভেতর থেকে সাড়াশব্দ মিলছিল না। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে কিশোরী ফারহানার লাশ ঝুলছে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে মৃত্যুর বিষয়ে সরাসরি কিছু উল্লেখ নেই। এটির সঙ্গে মৃত্যুর সংশ্লিষ্টতা এবং হাতের লেখাটি ওই কিশোরীর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া আলামতের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।