মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০৮:০৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ০৮:১০

একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন আরও পড়ুন একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন

সুন্দরবন ও উপকূলীয় জীবিকা সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশিষ্টজন। গতকাল শনিবার বাগেরহাটের মোংলায় আয়োজিত দিনব্যাপী নাগরিক সংলাপে এমন মতামত উঠে আসে। অতিথিরা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হয়। যৌথভাবে ‘পিপলস ম্যান্ডেট: মেনিফেস্টো টু অ্যাকশন’ কর্মসূচির অংশ হিসেবে এর আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে সুন্দরবন প্রতিনিয়ত উপকূলীয় জনপদকে রক্ষা করছে। কিন্তু সুন্দরবনের ক্ষতি করছে এ অঞ্চলেরই মানুষ। তাই নির্মোহভাবে সুন্দরবন সুরক্ষায় কাজ করতে হবে।

দেশের কোনো ইটভাটায় কাঠ পোড়াতে না দেওয়ার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন করে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে না; এর পরিবর্তে সৌর ও বায়ুশক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হবে। পরিবেশ দূষণ কমাতে ঢাকার ২০-২৫ বছরের পুরোনো বাসও পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের যে অভিযোগ রয়েছে, এতে যদি বন বিভাগের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। তিনি আরও বলেন, ‘সুন্দরবন বাংলাদেশের ফুসফুস। আমাদের স্বার্থে এবং আগামী প্রজন্মের স্বার্থে এই ফুসফুসের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে পরিবেশ ও জলবায়ু ইস্যুকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে সংলাপে বক্তব্য দেন ‘রিভার বাংলা’র সম্পাদক ও ধরার কেন্দ্রীয় নেতা ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন সচেতন ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী মো. নূর আলম শেখ।

ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়কারী ও ধরার কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম, মোংলার ইউএনও শারমিন আক্তার সুমী, সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিন প্রমুখ।