২৬ জুলাই ২০২৬ | ২০:১০ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ২০:২০
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এ বিষয়ে কথা বলতে ইসির পক্ষ থেকে খুব শিগগিরই স্পিকারের সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে।
আরও পড়ুন
একাধিক রাজ্যে ধরপাকড়, ককরোচেরা উদ্বিগ্ন
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিকতায় স্পিকারের সঙ্গে কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য খুব দ্রুতই সময় চেয়ে স্পিকারের কাছে বার্তা পাঠানো হবে। স্পিকারের সাক্ষাতের পর তপশিল ঘোষণার পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করা হবে।
রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
এদিকে রোববার সিইসি’র কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সব নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়- রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ইসি সচিব সিইসির কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।